জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
জামালপুর : জামালপুরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ মে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, শিল্প-কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশে টেকসই শিল্পায়নের জন্য সর্বত্র শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।




