চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসরায়েল-ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে বিস্তর আলোচনা করা হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলে সেচ দেয়ার জন্য ৯ হাজার ১২৮টি নলকূপ চালু রয়েছে। আমার প্রস্তাব হচ্ছে, জ্বালানি তেল অর্থাৎ ডিজেল সরবরাহের ক্ষেত্রে কৃষিকে সর্বাধিক গুরু দেয়া হোক। কারণ, এখন বোরো ধান আবাদের মৌসুম চলছে। এটা যেন ব্যাহত না হয়।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানান, ভোলাহাট উপজেলায় জ্বালানি তেলের ক্ষেত্রে কৃষিকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবং এক্সকেভেটরগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।
তেল নিয়ে বিস্তর আলোচনার পর সভায় জানানো হয়, এই সংকটকালীন তেল নিয়ে কেউ যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পাম্প সর্বোচ্চ ২৫০০ লিটার তেল মজুত রাখতে পারবেন। তার বেশি রাখলে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে। খোলাবাজারে কেউ যেন কোনো তেল বিক্রি করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাম্পগুলোয় তেল নেয়ার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কৃষকদের আপৎকালীন কৃষি কার্ড প্রদানের সুপারিশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) একরামুল হক।
যানবাহনের ভিড় ও যানজট এড়াতে শিবগঞ্জের পাম্পমালিকরা সকল পাম্পে একদিনে তেল সরবরাহ দেয়ার জন্য অনুরোধ জানান।

এই আপৎকালীন সকলকে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান; চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ; বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রাশিদুল হাসান; পদ্মা ওয়েল পিএলসি রাজশাহীর মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম; মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের রাজশাহী অঞ্চলের বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম ইয়াসিন; যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বিক্রয় বিভাগের সিনিয়র অফিসার আসাদুজ্জামান সাকিবসহ চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পমালিকরা।



