চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা
জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা
মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষনা করেন।
ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি। এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি।
ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । আধুনিক শিবগঞ্জ গঠনে এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন শিবগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ । বিশেষ করে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার জনগন, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কর্ম ও শ্রেণীপেশার নারী এবং যুবসমাজ ব্যাপক উৎসাহের সহিত জামায়াতে ইসলামীর এই ইশতেহারকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মাওলানা মো: সাদিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো: সেফাউল মূলক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।




