বড়লেখা সরকারি কলেজে ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি: ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা।

সোমবার (১১ মে) সকালে কলেজ হলরুমে সাধারণ শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেয়ার মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়।
এতে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহসিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, উপজেলা উত্তর শাখার সভাপতি নোমান আহমদ ও বড়লেখা শহর শাখার দাওয়াহ সম্পাদক মো. কলিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন আবু বক্কর, দেলোয়ার হোসাইন রাহিব, আরাফাত আহমদ, ইসমাইল হোসেন তালহা, সাইফুর রহমান, তায়েফ আহমদ, মাহফুজুর রহমান, নাহিদ আহমদ, ফারহান আহমদসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কুরআনের অবমাননা ও একটি মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে ৮ জন কুরআনপ্রেমী শহীদ হন। সেই আত্মত্যাগের স্মরণে ছাত্রশিবির প্রতি বছর ১১ মে “ঐতিহাসিক কুরআন দিবস” হিসেবে পালন করে। এই দিনটি কুরআনের প্রতি ভালোবাসা, ঈমানি চেতনা ও আত্মত্যাগের প্রতীক হয়ে আছে কোটি মুসলমানের হৃদয়ে। এই উপলক্ষ্যে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবির কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
তারা আরও বলেন, ‘কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান। ঐতিহাসিক কুরআন দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।




