চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে সদর উপজেলার চকঝগড়ু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুরের মৃত টানু বিশ্বাসের ছেলে রাকিব আলী ও তার স্ত্রী জামিলা বেগম।
ওসি আরও বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চকঝগড়ু-ড্রেনপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে লুকিয়ে রাখা ৯ টি পলিথিন ব্যাগ থেকে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা জব্দ করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রাকিব ও জামিলাকে গ্রেপ্তার করে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও বলেন,অভিযানে ছিলেন সদর থানার এসআই এস.এম.রাসেল কবির,এএসআই মোঃ মাজেদুর রহমান,এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ সামিউর রহমান ও নারী কনস্টেবল মোছাঃ মাসুমা খাতুনসহ অন্যরা।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




