চাঁপাইনবাবগঞ্জে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা গ্রহণ ও অধিকার রক্ষায় বর্ণাঢ্য প্রচার অভিযান
চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা ও ভোলাহাট উপজেলার ঝিলিম এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৩ মে বুধবার, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা গ্রহন ও অধিকার নিশ্চিত করার লক্ষে এক বর্ণাঢ্য মাইকিং ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগ এবং ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার (A-EMPOWER) প্রকল্পের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়
প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল: "দশ থেকে উনিশে, আমরা আছি তোমার পাশে”।

প্রচারণাটি কেবল সাধারণ মাইকিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ইউনিয়নের কিশোর-কিশোরীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করে। প্রচারণার মূল উদ্দেশ্য ছিল বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যঝুঁকি হ্রাস, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। মাইকিং ও প্রচার কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিগণ এবং ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার (A-EMPOWER) প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আয়োজক পক্ষ থেকে জানানো হয় যে, ১০ থেকে ১৯ বছর বয়সটি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এই সময়ে সঠিক পুষ্টি, প্রজনন স্বাস্থ্য সচেতনতা এবং অধিকার সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। কিশোর-কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এই প্রচারণার মাধ্যমে।
ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, এ-এম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্য অধিকার নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন। পরিবার পরিকল্পনা বিভাগের সাথে এই সমন্বয় তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




