শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে পতাকা বৈঠকে ২০ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
শেরপুর প্রতিনিধি: অবৈধভাবে ভারতে অনু প্রবেশ করা ২০ বাংলাদেশি নাগরিককে শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) সকালে নালিতাবাড়ি উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্প সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ১১১৬ মেইন পিলার ও হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিজিবি ক্যাম্পসংলগ্ন ধোপাঝুড়ি সীমান্তের ১১২০ মেইন পিলার এলাকা দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত ২০ জনই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শেরপুরের নাকুগাঁও এলাকা দিয়ে হস্তান্তরকৃতরা হচ্ছেন গোদাগাড়ী উপজেলার চরবায়েরমারী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সুভান আলী (২৩), পানিহার গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে মো. আব্দুল মারুফ রহমান (২১), আমতোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২১), সাগনগুঁটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল আলিম (২৬), মোলাইন গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আলামিন (২৩), বিশ্বনাথপুর গ্রামের শ্রী মুরারির ছেলে মদু মুরারি (৩৪), মানিকচর গ্রামের আব্দুল কালামের ছেলে মো. অনিকুল ইসলাম (২৫), দীঘা মিয়াপাড়া গ্রামের মো. সেতাজের ছেলে মো. তাজেল (২৫), একই এলাকার মো. ইসমাইলের ছেলে মো. মেসবাউল (২১) ও দিয়ার মানিকচক গ্রামের মো. তোফাজ্জুল হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (৪৯)।

ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের কিলাপাড়া ক্যাম্পের সদস্যরা ৩৯ বিজিবির নালিতাবাড়ি হাতিপাগার ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে।
আর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে হস্তান্তরকৃতরা হচ্ছেন- মুক্তার হোসেন, শাহজামাল হক, আনিসুর রহমান, কামাল হোসেন, শ্রী সিপেন, ইব্রাহীম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম ও শাকিম উদ্দিন। ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা আটক ব্যক্তিদের বাংলাদেশের তেলিখালি বিজিবি ক্যাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
৩৯ বিজিবির হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডার মো. ফুল মিয়া জানান, হস্তান্তরকৃতরা বাংলাদেশীরা শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরে মেঘালয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নালিতাবাড়ি থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি।

এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, শনিবার সকালে বিজিবি ১০ জন বাংলাদেশিকে বিএসএফের কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করে তাদের থানায় সোপর্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দুই দিন আগে মেঘালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আর হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, বিজিবি ১০ জনকে থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে হালুয়াঘাট থানায় মামলা করা হয়েছে। পরে একইদিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ২০ জনকে হস্তান্তরের বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান শনিবার রাতে জানান, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। এটি পুশ-ব্যাকের কোনো ঘটনা নয়।




