চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক জেলে আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরতে ভারতের জলসীমায় ঢুকে পড়ায় বিএসএফের গুলিতে মোরশেদ আলী নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ মোরশেদ আলী জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি পানিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তাকে আঘাত করে হত্যার চেষ্টা করে। এমন অবস্থায় তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে। তবে আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোরশেদ আলী মনোহরপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরার জন্য কয়েক রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মোরশেদ আলী পানিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। একপর্যায়ে তিনি গুরুতর জখম হয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসার পর তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই গোপনে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাজ্জাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি জেলে ভারতের জলসীমায় প্রবেশ করলে বিএসএফ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।




