ক্ষুধা দারিদ্র ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে:বরিশাল রেঞ্জ কমান্ডার
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বরিশালে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৭০ দিনব্যাপী (১ম ধাপ) “কম্পিউটার প্রশিক্ষণ: ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ১৩ জুন ২০২৬ পর্যন্ত বরিশাল রেঞ্জের অধীন ৬টি জেলা থেকে মোট ২৪ জন আনসার ও ভিডিপি সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বরিশাল জেলা থেকে ৯ জন, বরগুনা থেকে ৩ জন, ভোলা থেকে ৩ জন, ঝালকাঠি থেকে ৩ জন, পিরোজপুর থেকে ৩ জন এবং পটুয়াখালী থেকে ৩ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। মার্কেটিং এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় কর্মক্ষেত্র। এই প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ ধরনের যুগোপযোগী উদ্যোগ ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সচেষ্ট থাকবে।
তিনি আরও বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আনসার সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শুধু নিরাপত্তা প্রদানই নয়, বরং আর্থসামাজিক উন্নয়নেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হচ্ছে, যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং সমাজের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। বিশেষ করে তরুণ সমাজকে অপরাধমুক্ত ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে আনসার বাহিনী অগ্রণী ভূমিকা রাখছে। আনসার ভিডিপি সদস্যরা জনগণের পাশে থেকে সচেতনতা সৃষ্টি, সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখে চলেছে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও অপরাধমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন) অধিনায়ক মোঃ হাছান আলী, পিভিএম, বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, বরিশাল জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ, ও মো: মতিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: রহমতুল বারী, উপজেলা প্রশিক্ষক মো: এনায়েত হোসেন ও মো: আমিরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন সদস্যসহ অন্যান্যরা।



