দুমকিতে ফেরিথেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মোঃ জহিরুল ইসলাম টুটু (৫৭) নামে এক বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জহিরুল ইসলাম বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরগরবদী ফেরিঘাটে পৌঁছালে জহিরুল ইসলাম গাড়ি থেকে নেমে ফেরি ও পল্টনের মাঝখানের ফাঁকা স্থানে যান। এ সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান।
ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ও স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মুজিবুর রহমান জানান, “রাতে পর্যাপ্ত আলোর অভাবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। বুধবার সকাল ৬টা থেকে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে, তবে এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।”
এদিকে, দীর্ঘ সময় পার হলেও নিখোঁজের কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বারবার।




