পবিপ্রবিতে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: ছাত্রদলের অবস্থান কর্মসূচি,তদন্তে প্রশাসনের আশ্বাস
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ ও আর্থিক অসঙ্গতির গুরুতর অভিযোগে সরব হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে গত সোমবার (৪ মে) দুপুরে প্রকল্প পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গাফিলতি এবং অর্থ ব্যবহারে অস্পষ্টতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ ও অসন্তোষ চরমে পৌঁছালে তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন।
অবস্থান কর্মসূচি চলাকালে প্রকল্প পরিচালক(পিডি) মো. ওবায়েদুল ইসলামের কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি বলেন,“আমরা কোনো ব্যক্তিস্বার্থে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করছি। দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত চাই।
তিনি আরও বলেন,“আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অনিয়ম আড়াল করতেই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বৈঠকে প্রকল্প পরিচালক শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এবং উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান জানিয়েছেন, অভিযোগগুলো লিখিতভাবে পাওয়া গেলে প্রশাসন তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠনের জন্য উপাচার্যের কাছে সুপারিশ করা হবে।
তবে শিক্ষার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তারা জানিয়ে দেন।




