চাঁপাইনবাবগঞ্জে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বুধবার বিকেল এ কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন। কর্মশালায় নতুন যোগদানকারী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. এ কে. এম শাহাব উদ্দীন। উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন বলেন, হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে সীমিত করা এবং লবণ গ্রহণ ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রাজশাহী বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শোভন পাল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. আব্দুল হামিদ, নাচোল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।




