চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতন,অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসায়’ ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে মাদরাসার ভেতরেই এই নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষক সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়,শিক্ষক সাকির আলী অন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটিকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে সজোরে মাটিতে আছাড় দেন। শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করলেও ওই শিক্ষকের মনে দয়া হয়নি, বরং নির্যাতন চালিয়ে যেতে দেখা যায়। এ সময় আতঙ্কিত অন্য শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়ে ছিল।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ,অভিযুক্ত সাকির আলীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ ও মারধরের অভিযোগ ছিল। সিসিটিভি ফুটেজ ফাঁসের পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ঘটনার অধিকতর তদন্ত চলছে।




