কুমিল্লার পশুর হাটে নতুন আকর্ষণ “সুলতান” উট
কুমিল্লা প্রতিনিধিঃ কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কুমিল্লার পশুর হাট। আর সেই হাটে এবার গরু-ছাগলের ভিড়ে নতুন আকর্ষণ হয়ে হাজির হয়েছে বিশাল আকৃতির উট “সুলতান”। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকার একটি এগ্রো ফার্মে থাকা এই উটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

খামারি ব্যবসায়ী জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ভারতের রাজস্থান অঞ্চল থেকে আনা হয় “সুলতান”কে। ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই উট পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার বিশ্বাস, দেশে বাণিজ্যিকভাবে উট পালন ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
বিশাল দেহ, লম্বা গড়ন আর ভিন্নধর্মী উপস্থিতির কারণে “সুলতান” এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ছুটে আসছেন এক নজর উটটি দেখতে। অনেকে আবার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন।
উটটির দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা জানান, গরুর তুলনায় উট পালন তুলনামূলক সহজ। উট সাধারণত গরুর মতোই খাবার খায় এবং এর পরিচর্যাতেও কম ঝামেলা হয়। ফলে ভবিষ্যতে এ ধরনের প্রাণী পালনে আগ্রহ বাড়তে পারে বলেও মনে করছেন তারা।
স্থানীয়দের মতে, কুমিল্লার পশুর হাটে আগে কখনো এমন ব্যতিক্রমী আয়োজন দেখা যায়নি। তাই এবারের হাটে “সুলতান” শুধু একটি পশু নয়, বরং দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকার এই এগ্রো ফার্ম থেকেই এবারের কোরবানির পশুর হাটে নতুন মাত্রা যোগ করেছে অনন্য এই “সুলতান” উট।




