নিয়ামতপুরে AWD পদ্ধতিতে ধান চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে আধুনিক ও পানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ মে (বুধবার) বিকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট কার্তিকতলা বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষে সচেতনতা বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO) এর ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচি এই মাঠ দিবসের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইএসডিও-এর হাজিনগর ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন।
এছাড়া অন্যান্যের মধ্যে হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম এবং স্থানীয় বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD (Alternate Wetting and Drying) পদ্ধতির নানা দিক ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করা জরুরি। AWD পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অত্যন্ত কম পানিতে ধানের অধিক ফলন পাওয়া সম্ভব। এই আধুনিক প্রযুক্তি গ্রহণ করলে কৃষকদের সেচ খরচ তথা সামগ্রিক উৎপাদন খরচ অনেক কমে আসবে, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষকেরা আধুনিক এই সেচ পদ্ধতি সম্পর্কে বিস্তর ধারণা লাভ করেন এবং আগামীতে নিজেদের জমিতে এই প্রযুক্তি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।




