২৪ ঘণ্টায় শেরপুরের আলোচিত হত্যা রহস্য উদঘাটন,গ্রেফতার-২

শেরপুর প্রতিনিধি:শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় এলাকায় ঘাসক্ষেত থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন অর্ধগলিত লাশের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই জানায়, নিহত আলামিনের সঙ্গে প্রেমঘটিত বিরোধ ও অপমানের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। প্রধান আসামী শুভ তার সহযোগী সম্রাটকে সঙ্গে নিয়ে গত ১৩ মে কৌশলে আলামিনকে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে গলায় রশি পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে প্রধান আসামী শুভকে শেরপুরের বাগলগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর থেকে সহযোগী সম্রাটকেও আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও মোটরসাইকেল জব্দ করেছে পিবিআই।
পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত শুভ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
পিবিআই জামালপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।




