সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার (১৫) গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় রোদে শুকাতে দেওয়া ধান আনতে যায় ওই ছাত্রী। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।




