চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসলে নেমে সাইফ হাসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ হাসান রামজীবনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে সাইফ। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত অন্যরা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন।পরে গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।




