নওগাঁর বদলগাছীতে ঐতিহ্যবাহী কোলা বাজারে রাস্তার সংস্কারের দাবিতে মাানবন্ধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী কোলা বাজারে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কোলা বাজারের তিন মাথা মোড়ে ‘রজনীগন্ধা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এই সময় রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সিএনজি মালিক সমিতির চেইন মাস্টার ফিরোজ হোসেন বলেন, বাজারের প্রায় ২০০ ফুট রাস্তার সংস্কার কাজ চলছিল। কিন্তু এর মধ্যে মাত্র ১২ ফুট জায়গা নিয়ে মালিকানা সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হওয়ায় গত দুই বছর ধরে ঠিকাদারি কাজ বন্ধ রয়েছে।
বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. পাপ্পু হোসেন, ক্ষোভ প্রকাশ করে বলেন কোলা বাজার থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। অথচ রাস্তার বেহাল দশায় মালামাল পরিবহনে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে।
এছাড়াও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সাত্তার হোসেন বলেন রাস্তার কাদা ও গর্তের কারণে সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। বাজারের প্রধান সংযোগ রাস্তা হওয়ায় সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তা ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন মালিকানাধীন ও আইন সংক্রান্ত জটিলতা সমাধান করে দ্রুত কাজ চালু করার দাবি জানান উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে।




