চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবার ড্যামের নিরাপত্তায় নামছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যামের নিরাপত্তার জন্য পুলিশি টহল চেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার পুলিশ সুপারের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহারের জন্য রাবার ড্যাম ফুলিয়ে নদীতে পানি সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে রাবার ড্যাম এলাকায় মানুষ নিরাপত্তা সতর্কতা মানছেন না। তারা ড্যামের মূল কাঠামোর উপর উঠে গোসল করছেন এবং বিভিন্ন বিপজ্জনক কর্মকাণ্ড চালাচ্ছেন। রাবার ড্যামের উপর অনিয়ন্ত্রিত মানুষের উপস্থিতি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারি এই সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাবার ড্যাম এলাকায় জনসাধারণের প্রবেশ ও গোসল বন্ধে প্রয়োজনীয় পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এরইমধ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে চিঠিটি পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। থানার ওসি একরামুল হোসাইন বলেন, পুলিশ রাবার ড্যাম এলাকায় টাহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এটি দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম বলে দাবি করা হয়।




