কুমিল্লায় চোলাই মদসহ একজন আটক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বপন চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনেয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিলের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই আব্বাস কবির চৌধূরী, এএসআই কুসুম বড়ুয়া, মোঃ শরিফুল হক ও মোহাম্মদ শহিদ উল্লাহ।
অভিযানকালে উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় স্বপন চন্দ্র দাসের বসতঘরের সামনে তল্লাশি চালিয়ে ২৬ (ছাব্বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
আটক স্বপন চন্দ্র দাস কিছমত রহিমপুর গ্রামের মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পৃথক অভিযানে আটক এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




