গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ আরিফ খান (২৬) ও সাব্বির হোসেন (১৮) নামে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২০শে মে) জেলা শহরের সদর থানাধীন বোয়ালী ইউনিয়নের নসরৎপুর গ্রামের পুলিশ লাইন্সের ২ নম্বর দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও সন্ত্রাস বিরোধী নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম নসরৎপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ খান গাইবান্ধা সদর থানার শুপারিরভিটা গ্রামের রজ্জব আলী খানের ছেলে এবং সাব্বির হোসেন একই থানার বেড়াদাঙ্গা গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোতাল্লেব হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




