চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামে এ ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভাগ্যবানপুর গ্রামের একটি একতলা ভবনের চার কক্ষবিশিষ্ট বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় আসামির নিজ দখলীয় শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি ১৪ হাজার ১০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন ভাগ্যবানপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে মোঃ জসিম আলী (৩২)।
এ ঘটনায় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন বলে জানিয়েছে ডিএনসি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান।




