শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগির এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি বছর থেকেই এই সুবিধার আওতায় আসবেন শিক্ষকেরা।
মাউশি সূত্রে জানা গেছে, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক ও কর্মচারী প্রস্তাবিত এই ভাতার আওতায় আসবেন। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পর্যায়ে রয়েছেন ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন শিক্ষক ও কর্মচারী এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৫৪৬ জন। এত দিন সরকারি কর্মচারীরা এই ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকেরা এটি পেতেন না।
মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এবারই প্রথম বৈশাখী ভাতা পাবেন।সূত্র_কালের কন্ঠ




