নাচোলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে আলম ও মিলন নামের দুই সহোদর হত্যা মামলার প্রধান আসামি গোলাম কবিরকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফতেপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম কবির নাচোলের ফতেপুর ইউনিয়নের পাইতালি মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি বিস্ফোরকসহ অন্তত ৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এস.এম নূরুল কাদির সৈকত বলেন, কবির গত বছরের ১৫ অক্টোবর ফতেপুরের মাকরইল সাহাপুকুর গ্রামে সংগঠিত দুই ভাই হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুই ভাই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ফতেপুরের মাকরইল সাহাপুকুর গ্রামে পূর্বশত্রুতার জেরে খুন হন দুই ভাই আলম ও মিলন। ওই ঘটনায় আলমের ছেলে সাদেক নাচোল থানায় কবিরকে প্রধান আসামি করে মামলা করেন।
এ ছাড়া কবিরের বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক অপরাধে আরো ৫টি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।




