গোমস্তাপুরে কন্যাশিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ বছরের শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার বাঙ্গাবাড়ী তেলিপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করেন শরিফার শিক্ষাপ্রতিষ্ঠান বাঙ্গাবাড়ী দাড়িপাতা নূরানী মাদ্রাসার সহপাঠী, শিক্ষক ও এলাকার অভিভাবকরা। শরিফা ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মানববন্ধনে বক্তারা শিশু শরিফা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ী দাড়িপাতা নূরানী মাদ্রাসার সহসভাপতি তোফাজ্জল হক। অন্যদের বক্তব্য দেন— বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, স্থানীয় জামায়াত নেতা ডা. আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম।
উল্লেখ্য, নিহত শিশুটির দাদা আব্দুল করিম নিখোঁজ নাতনির সন্ধান চেয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর আগে গত শুক্রবার তার দুলাভাই অন্তর ফুফুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যান শরিফাকে। পরিবার ও ডায়েরি সূত্র ধরে পুলিশ অন্তরকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ শরীফার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার দুলাভাই তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রেখেছিলেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক আওয়াল হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।




