চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। (শুক্রবার ২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মৃত পাঁচ শিশু হলেন: মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯),নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)। তারা সবাই চর চাকলা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন পিপিএম।
স্থানীয় সূত্রে জানা যায়,চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময়ে পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামে। একপর্যায়ে একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এবং আমি ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




