চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থলের পাশ থেকে ককটেল উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে স্টেডিয়ামের দর্শক গ্যালারির কাছে ককটেলটি উদ্ধার করে আনসার সদস্য মো. আজারুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ
পুলিশ সূত্রে জানা গেছে,স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। ডিউটি পালনকালে আনসার সদস্য আজারুল ইসলাম গ্যালারির পাশে ককটেলটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি সেটি উদ্ধার করে একটি পানির বোতলে ভিজিয়ে রাখেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এনিয়ে আর কোন শঙ্কার কারন নাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বিঘ্নে স্বাধীনতা দিবস উদযাপনে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করেছে।




