চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ শিশু গ্রেফতার
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আসামি পলাতক রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) রাত ১০টা ২০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন গোবরাতলা ইউনিয়নের গোবরাতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় ২০ বছর বয়সী আরেক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ও পলাতকসহ মোট দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার বাদী হিসেবে ডিএনসি’র উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছেন।
এদিকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিএনসি জানায়, মাদক নির্মূলে জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।




