দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-২

দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (২৯ মার্চ) দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, সড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল, এমন সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বিরামপুর থানার এসআই আমির হেসাইন জানান, দুর্ঘটনাটির সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।




