নওগাঁয় পরিবার ও শিক্ষার্থীর মাঝে ওলামা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পশ্চিমাঞ্চলের চার উপজেলায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আহলে হাদিস ওলামা পরিষদ। সংগঠনটির নওগাঁ জেলা পশ্চিম শাখার উদ্যোগে সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থী এবং নিশ্চিন্তপুর গ্রামের অসহায় ও দরিদ্র ১৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সাপাহারস্থ ‘সেন্টার অফ মারকাজুস সুন্নাহ আন নাবাবিয়্যাহ ফর ইসলামিক স্টাডিজ’ প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ৫০০ পরিবারকে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ২০ কেজি চাল, ১০ কেজি আটা ও ১ কেজি ডাল। এছাড়া ১০০০ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন মাদরাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থী এবং নিশ্চিন্তপুর গ্রামের দুস্থ মানুষ নির্ধারিত কেন্দ্রে জড়ো হন। ৫০০ শিক্ষার্থী ও ১০০০ সাধারণ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। নিশ্চিন্তপুর গ্রামের এক বৃদ্ধ বলেন, “সংসারে চাল-আটা ফুরিয়ে আসছিল, এই সময়ে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় নেয়ামত।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. কাওসার এরশাদ মুহাম্মদ মাদানী, সেক্রেটারি শায়েখ হাফেজ সানাউল্লাহ মাদানী, সহকারী সেক্রেটারি শায়েখ নজরুল ইসলাম, সদস্য হাফেজ কাউসার মাহমুদসহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



