দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা।
এ সময় সিলিং বা কোনো ধরনের সুরক্ষা নেটিং না থাকায় অসাবধানতাবশত খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামে দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার সময় ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানো হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে।




