অবৈধভাবে পেট্রোল মজুূদ ও তিনগুণ বেশি দামে বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ৮শ লিটার পেট্রোল মজুদ এবং তিনগুণ বেশি দামে বিক্রির অপরাধে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাওনিয়ারচর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, ব্যবসায়ী মিজানুর রহমান অবৈধভাবে পেট্রোল মজুূদ রেখেছেন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ৮শ লিটার পেট্রোল মজুদ পাওয়া যায় এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, জরিমানা করা ব্যবসায়ীর অবৈধভাবে মজুদকৃত পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশের বিট অফিসার এবং বাজার কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।




