বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হয়।
সর্বশেষ সংশোধন অনুযায়ী, কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকে কার্যকর রয়েছে। অন্যগুলো ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীর রোগ, বিশেষ করে উচ্চমাত্রায় সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে ধাপে ধাপে আরোপ করা হয়েছে।
হালনাগাদ তালিকা অনুযায়ী আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট দিভোয়ার এবং মন্টেনেগ্রো থেকে মুরগি ও ডিম আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের ওপর আংশিক নিষেধাজ্ঞা প্রযোজ্য।
এ নিষেধাজ্ঞাকে সাময়িক বলে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট করে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা তাপ প্রক্রিয়াজাত পোলট্রি মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে সেগুলো এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে যাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়। পাশাপাশি পণ্যগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকে উৎপাদিত হতে হবে।সূত্র : গালফ নিউজ



