এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না-ফয়েজ আহমদ

মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না

এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না-ফয়েজ আহমদ

মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রবিবার দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, মোবাইল ব্যবসায়ীদের দাবি অনুযায়ী শুল্কহার কমানো হয়েছে। কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরও দোকানপাট বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার মাধ্যমে অপরাধের লাইসেন্স চায় মোবাইল ব্যবসায়ীরা।

গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

গত ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে এনইআইআর কার্যক্রম চালু করে সরকার। একই সঙ্গে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের ওপর শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ করা হয় এবং অবৈধ হ্যান্ডসেটকেও আইনি কাঠামোর আওতায় আনার সুযোগ দেওয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদেই সেদিন বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

তারা এনইআইআর কার্যক্রম বন্ধ, পুরনো (ব্যবহৃত) মোবাইল ফোন আমদানির অনুমতি, ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। অবস্থান কর্মসূচির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।সূত্র_বাংলাদেশ প্রতিদিন