পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:পবিত্র রমজান মাসকে সামনে রেখে রবিবার জেলার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিকেলে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষে এই সভার আয়োজন করা হয়।
আসন্ন রমজানের আগেই চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে বলে জানান চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। চেম্বার সভাপতি বলেন, গত মাসের তুলনায় চলতি মাসে বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি উদ্বেগজনক। এমনকি সরকার নির্ধারিত ১ হাজার ৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আশা করি, রমজান মাসে যাতে আর বৃদ্ধি না পায়, সেদিকে নতুন সরকার কঠোর ব্যবস্থা নিবে। পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় স্থানীয় ব্যবসায়ীদের ভোগ্যপণ্য মজুত না করা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি না করার আহ্বান জানান তিনি। এছাড়াও বিদেশ থেকে আমদানিনির্ভর পণ্যে রমজান মাস উপলক্ষে শুল্ক কমানোর দাবি জানান তিনি।
আসন্ন রমজান মাসে নতুন সরকারকে পর্যাপ্ত সরবরাহ ও কঠোরভাবে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।
সভায় উপস্থিত ছিলেন— জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মমিনুল হক, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মো. শহিদুল ইসলাম, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম, পুরাতন বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলীসহ অন্যরা।




