হেলথ কার্ড বিতরণ কবে,জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন, সব রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যা কোথায়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করব। কৃষকের কৃষিঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রতিটি মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জণগণের উপকার হয়। আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি।
সেই চেষ্টাই আমরা করছি, যেনো আপনারা বোঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখাসহ জবাবদিহিও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।’
মন্ত্রী আরো বলেন, ‘গত সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবু এর মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি।
আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।




