হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে : কৃষিমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরো বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।
জবাবে কৃষিমন্ত্রী বলেন,আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার।
সম্মেলনে কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্তও নেই। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন। আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী।সূত্র_কালের কন্ঠ




