চাঁপাইনবাবগঞ্জে টয়লেটে মিললো ডিজেল
চাঁপাইনবাবগঞ্জে সুজন নামে এক ব্যক্তির বসতবাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
তিনি জানান, গোপন সংবাদ ছিলো যে ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের বিপরীত পাশের একটি বাড়িতে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালালে বাড়ির টয়লেটের ভেতরে লুকানো তিনটি ড্রামে মোট ১৪৫ লিটার ডিজেল পাওয়া যায়।
অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে বাড়ির মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ১৪৫ লিটার ডিজেল সরকারি নির্ধারিত ৯৬ টাকা ৩৯ পয়সা দরে তাৎক্ষণিকভাবে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়। যার মোট বিক্রয়মূল্য ছিল ১৩ হাজার ৯৭৭ টাকা।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘অসাধু উপায়ে তেল মজুত করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।




