নেত্রকোণায় পাওনা টাকার জেরে হত্যা মামলার আসামী হাবিবুর গ্রেফতার
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকার জেরে বাবুল মিয়াকে হত্যা মামলার পলাতক আসামী হাবিবুর রহমান ভান্ডারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
আজ সোমবার (২২জুন) র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছেন।

র্যাব-১৪ সূত্রে জানা যায় - ঢাকার (ডিএমপি) দক্ষিনখান থানা এলাকা থেকে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল আসামী হাবিবুর রহমান ভান্ডারীকে গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় -২০২৬সালের ১৭মে অনুমান সকাল ৯টার সময় নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ওইদিন সকালে নিহত বাবুল মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম বড়দল গ্রামের স্থানীয় মাঠে ধান কাটার উদ্দেশ্যে যান। মাঠে হাবিবুর রহমানকে দেখতে পেয়ে সিরাজুল ইসলাম তার পূর্বের পাওনা টাকা ফেরত চান। এতে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে সিরাজুলের সাথে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা সিরাজুলকে হত্যার উদ্দেশ্যে ধান কাটার কাচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। সিরাজুল ইসলামের চিৎকার শুনে তার বাবা বাবুল মিয়া তাকে বাঁচাতে ছুটে এলে গ্রেপ্তার হওয়া আসামী হাবিবুর রহমান সহ অন্যরা অত্যন্ত নির্মমভাবে বাবুল মিয়ার ওপর চড়াও হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় বাবুল মিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মোঃ নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামীরা গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিলেন। র্যাব-১৪, ময়মসিংহ বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ২১জুন দুপুরের দিকে র্যাব-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপি, ঢাকার দক্ষিনখান থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী হাবিবুর রহমান ভান্ডারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১৪ সূত্রে আরও জানা যায় - গ্রেপ্তারকৃত আসামী হাবিবুর রহমান ভান্ডারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।



