হবিগঞ্জ ডিবির অভিযানে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ইসকাফসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে একটি সন্দেহভাজন লাল রঙের ডিআই পিকআপ তল্লাশি করে ১৩৫ বোতল মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার বায়জিদ (২৬), জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শিমুল (১৯) ও রায়হান (২১) কে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক, আটক আসামি ও জব্দকৃত গাড়ির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




