চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে যুবকের কারাদন্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে কারাদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা শহরের ‘জীবননগর ফিলিং স্টেশনে ’ এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত যুবক হলেন-ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃংখলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় আটক যুবকের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনস্বার্থে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




