চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর (মণ্ডলটোলা) মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় হালকা ঝড়সহ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




