পাবনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
পাবনা প্রতিনিধি,পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়।

সোমবার (১৮ মে) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারস্থ মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত শহিদুল প্রামানিকের ছেলে মো. আব্দুল আলিম প্রামানিক (৪২) ও একই উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত আবু জল সরকারের ছেলে মো. লিটন সরকার (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক মো. আব্দুর রহিম এর নেতৃত্বে একটি চৌকস দল জালালপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশি করে ভেতরে লুকানো ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৮ ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।




