নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষকরা রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না, আপনাদের পরিচয় হবে সমাজের ধারক এবং বাহক হিসেবে। নওগাঁর নিয়ামতপুরে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, আমি এই আসনের সকলের সংসদ সদস্য, আমার কাছে আসতে বা কথা বলতে কোন মাধ্যম দরকার নাই। শিক্ষক সমাজই পারেন এই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। আপনারা আপনাদের এই পেশার সাথে সাথে সমাজের জন্য একটু করে কাজ করেন তাহলে আপনাদের সম্মান ও বৃদ্ধি হবে।
তিনি আরও বলেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং খুব দ্রুতই এর সুফল শিক্ষকরা পাবেন।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়মতপুর উপজেলা শাখার আয়োজনে বরেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক
নেফাউর ইসলামের উপস্থাপনায় নওগাঁ -১ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, নিয়ামতপুর শাখার সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।




