চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানায় অভিযান,জরিমানা আদায়
চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে ৭টি অবৈধ ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার কিলন ধ্বংস করা হয়। এছাড়া একটি অবৈধ সীসা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন,জেলা পুলিশ,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং র্যাব-৫ এর সহযোগিতায় সদর উপজেলার মরা পাগলা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অফিস সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়।
এছাড়াও,সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল নামে একটি অবৈধ সীসা তৈরির কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ান-উল-ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




