গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গোমস্তাপুরের রহনপুর বড়বাজার একটি বাড়ি রং করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়ার কুড়ান আলীর ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজার বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রঙের কাজ করছিল। দুপুরে ২টার দিকে রং করার সময় নেসকো কোম্পানির ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে তিনি জানান।




