চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে এফ এইচ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় সদর উপজেলার আতাহার এলাকার হোসেনডাঙ্গায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা ও কলম) বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমের আওতায় গোবরাতলা, ঝিলিম, আতাহার, শাহজাহানপুর ও ঝিলিম এলাকার মোট ৩,২৮৬ জন শিশুর মাঝে পর্যায়ক্রমে ৩৮,৫৫০টি খাতা ও ৩৯,২০৪টি কলম বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনডাঙ্গা হাজী তবারক প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী। প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবকগণ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিশুরা।
অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। পরে জুনায়েদ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিস্কু। এছাড়াও প্রধান শিক্ষক মোঃ হযরত আলী শিক্ষার গুরুত্ব ও শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সকল শিশুর প্রতিনিধি হিসেবে নিবন্ধিত শিশু মোছাঃ সুমাইয়া খাতুন অনুভূতি প্রকাশ করেন এবং শিক্ষাসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে এফ এইচ এসোসিয়েশন-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে বলা হয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে খাতা ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, “সকল শিশু এই উপহার পেয়ে অনেক আনন্দিত হবে এবং এসব উপকরণ তাদের জীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফ এইচ এসোসিয়েশন-কে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এফ এইচ এসোসিয়েশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



