চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই নারীকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ সোমবার (৬ এপ্রিল) সকালে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির রোকনপুর বিওপির টহল দল তাদের ওই সীমান্তের জোড়া ব্রিজ নামক এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃত দুই নারী যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মাসুরা (৪৮) ও কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আটককৃত দুই নারী কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাই শহরে বসবাস করছিল। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




