চীনা বিনিয়োগ বাড়াতে বিডার কাছে ৯ সুপারিশ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নিকট ৯ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এসব সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে এক সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওস্থ পিপিপিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে উপস্থাপন করা হয়।
বিসিসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগভিত্তিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পোন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জবাবে বিডার সম্মানিত নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে, উত্থাপিত বিষয়গুলো—বিশেষত জ্বালানি সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলো—সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
সভায় বিসিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি জনাব জামিলুর রহমান দেশের জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে, এলপিজি সরকারি ও বেসরকারি উভয় খাতেই আমদানি করা হলেও এলএনজি আমদানি বর্তমানে কেবল সরকারি সংস্থার মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। এ প্রেক্ষিতে তিনি বেসরকারি খাতকে এলএনজি আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানান।




